অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী ও টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার পরিকল্পিতভাবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। তবে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠন করা প্রয়োজন। এ বিষয়ে দেরি বা অস্পষ্ট অবস্থান জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন এনসিপি আহ্বায়ক।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তারা এখন সেই অবস্থান থেকে সরে এসে গণভোটের বিরোধিতা করছেন।
তার ভাষ্য, এ ধরনের অবস্থান পরিবর্তনের মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেও দাবি আদায়ের চেষ্টা চলবে।
তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে আরও কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় চিফ হুইপ।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আর/

