সীমান্তে পুশইন হলে কঠোর জবাব দেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা

by ABDUR RAHMAN
বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ-ভারত সীমান্তে সম্ভাব্য পুশইন নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

পুশইন নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।

এদিকে তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর নতুন সরকারের আমলে এ চুক্তি হবে কি না, তা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিস্তা নদী অববাহিকার মানুষের জীবন-জীবিকার সঙ্গে এই চুক্তি সরাসরি জড়িত। তাই এ সমস্যার স্থায়ী সমাধান সরকারের অঙ্গীকারের অংশ।

চীন সফর প্রসঙ্গে তিনি জানান, আসন্ন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা ও সহযোগিতা নিয়ে চীনের সঙ্গে কথাবার্তা এগোবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া তিনি ইঙ্গিত দেন, জুন মাসে উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফরের সম্ভাবনা রয়েছে, যেখানে বন্ধুপ্রতিম দেশ চীন বা ভারত সফর করা হতে পারে।

সরকারি সূত্রে জানা গেছে, তিস্তা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিশেষ করে উত্তরাঞ্চলের পানিসংকট নিরসনে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ