অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
৫ মে উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে “ভয়াল ও বেদনাবিধুর” হিসেবে উল্লেখ করে শহীদদের স্মরণ এবং ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ওই দিনের স্মৃতি এখনো জাতির হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে এবং ইতিহাসের এই অধ্যায় জাতিকে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেদেশ
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ৫ মে গাবতলী পয়েন্টে দায়িত্ব পালন শেষে শাপলা চত্বরে জমায়েতের ঘোষণায় মিছিল নিয়ে সেখানে অগ্রসর হন। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে শাপলা চত্বর জনসমুদ্রে পরিণত হয় বলে তিনি বর্ণনা দেন।
তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে এবং গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টনসহ আশপাশের এলাকায় রক্তক্ষয়ের ঘটনা ঘটে।
পোস্টে তিনি দাবি করেন, রাত দুইটার পর হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চারদিক থেকে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত লোকজন প্রতিরোধের চেষ্টা চালালেও পরিস্থিতির মুখে তারা অসহায় হয়ে পড়েন বলে উল্লেখ করেন।
তিনি জানান, দীর্ঘদিন এ ঘটনায় শহীদদের নিয়ে প্রামাণ্য কাজ সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে “শাপলা স্মৃতি সংসদ”-এর মাধ্যমে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া শহীদদের স্মৃতি তুলে ধরতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, এ বছর ৫ মে উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। ধর্মভিত্তিক ও ছাত্র সংগঠনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা ও কর্মসূচি পালন করছে।
এ ধরনের উদ্যোগকে তিনি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।
পোস্টে তিনি বলেন, এখনো শহীদদের জাতীয় স্বীকৃতি ও ন্যায়বিচার নিশ্চিত হয়নি। সত্য প্রতিষ্ঠা ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ দাবি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
শেষে তিনি সকলকে সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান।

