অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ সংক্রান্ত তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, ওই ঘটনায় কারা অর্থের যোগান দিয়েছে, তাদেরও চিহ্নিত করা হচ্ছে এবং তদন্তে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্ত সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মৃত্যুর সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
উল্লেখ্য, ১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, নারী নীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবি তুলে তারা এই সমাবেশ করে।

সেদিন দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে এবং রাতের দিকে শাপলা চত্বর এলাকায় পরিস্থিতি আরও অবনতি ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—পুলিশ, র্যাব ও বিজিবি—অভিযান চালিয়ে এলাকা খালি করে।
চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, সেই অভিযানের ঘটনাকেই কেন্দ্র করে বর্তমান তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আর/

