২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আগামী ৫ ও ৬ মে ২০২৬, মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে ওই ঘটনার বিভিন্ন আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মৃতিচারণ তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব।
৫ মে বিকাল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
আয়োজকদের মতে, এই আয়োজন ইতিহাস সংরক্ষণ, দলিলভিত্তিক তথ্য উপস্থাপন এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

