অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাকাতের মতো ইসলামের মৌলিক ফরজ ইবাদতকে হেয় করে চাঁদাবাজির সঙ্গে তুলনা করার অভিযোগে বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি জাকাতের মতো পবিত্র ধর্মীয় বিধানকে হেয়ভাবে উপস্থাপন করেছেন এবং চাঁদাবাজিকে তুলনামূলকভাবে ‘উত্তম’ হিসেবে উল্লেখ করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে।
ছাত্রশিবির নেতারা বলেন, জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। অন্যদিকে চাঁদাবাজি একটি জঘন্য অপরাধ ও জুলুম। এ দুইয়ের মধ্যে তুলনা করা অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।
তারা আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান একটি দণ্ডনীয় অপরাধ। তাই সংশ্লিষ্ট এমপিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার রাজনৈতিক দলেরও এ বিষয়ে অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়।
এদিকে একই ইস্যুতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীও পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, জাকাত কুরআন নির্দেশিত একটি ফরজ ইবাদত, যা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম। এর সঙ্গে চাঁদাবাজির তুলনা করা ধর্মীয় অবমাননার শামিল। তিনি অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
আর/

