অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ফরিদপুর সদরে সাতদিন ধরে নিখোঁজ থাকা সাত বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলস্টেশনসংলগ্ন একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৪ এপ্রিল সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরদিন শিশুটির মা ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কলাবাগানে কাজ করতে গিয়ে দুই শ্রমিক দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে তারা একটি পড়ে থাকা কলাগাছ সরানোর সময় সেখানে মরদেহটি দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়।
গেরদা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকারিয়া খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে অবহিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহটি উপুড় অবস্থায় পড়ে ছিল এবং শিশুটির মুখ তার পরনের সালোয়ার দিয়ে বাঁধা ছিল।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই পীযূষ কান্তি হালদার মরদেহটি উদ্ধার করেন। তিনি জানান, মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, শিশুটি নিখোঁজ হওয়ার দিনই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মরদেহটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরনের পোশাক দেখে শিশুটির বাবা-মা তাকে শনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির ওপর কোনো ধরনের নির্যাতন চালানো হয়েছিল কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শিশু সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর বিকল্প নেই।
আর/

