অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসএসসি পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় পুরো কেন্দ্র অন্ধকারে ডুবে যায়।
কর্তৃপক্ষ পরে বাধ্য হয়ে মোমবাতির আলোয় পরীক্ষা গ্রহণ করে। এতে পরীক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয় এবং অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন।

কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হলে মোমবাতির আলোয় পরীক্ষা নিতে হয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিড লাইনের সঙ্গে যুক্ত। লাইনে আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে শঠিবাড়ী গ্রিড থেকে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ কেন্দ্রসচিবের গাফিলতির অভিযোগ করেন। তিনি বলেন, বিষয়টি আগে জানালে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইটসহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আর/

