অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আল্লামা মামুনুল হক-কে ষড়যন্ত্র করে সংসদে যাওয়া থেকে বিরত রাখা গেলেও রাজপথে তাকে থামানো সম্ভব নয়। তিনি বলেন, প্রয়োজনে রাজপথ ও সংসদ একাকার হয়ে যাবে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ ভালো নেই; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ নানা সমস্যায় জনগণ ভুগছে। বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রেখে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করলেও সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের চেষ্টা চলছে এবং বিচার বিভাগকেও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জনগণ কোনো ধরনের স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের রায় প্রত্যাখ্যান করে, তবে তার পরিণতি ভালো হবে না। যতক্ষণ না গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন হচ্ছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিভিন্ন দলের নেতারা।
আর/

