গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত পোষাক শিল্প, সুযোগে দাপট দেখাচ্ছে ভারত

রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতারা বাংলাদেশ ছেড়ে ভারতে ঝুঁকছেন

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে বহুমুখী চাপে পড়েছে। রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান দুর্বল হয়ে পড়ছে। এর সুযোগ নিয়ে প্রতিবেশী দেশ ভারত নিজেদের বাজার সম্প্রসারণে সক্রিয় হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে ভারতে দিচ্ছেন। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থ হচ্ছে অনেক কারখানা। ফলে ক্রেতাদের আস্থা কমে যাচ্ছে।

প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত আট মাস ধরে পোশাক খাতে রপ্তানি কমছে। উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব পড়ছে। শিল্পাঞ্চলগুলোতে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে গাজীপুর অঞ্চলে ডিজেলের ঘাটতি উৎপাদন কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।

এদিকে রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি শিল্প খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কারখানা বন্ধ, শ্রমিক অসন্তোষ এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্ন রপ্তানি কার্যক্রমকে ধীর করে দিয়েছে। এই পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড ঝুঁকি এড়াতে বিকল্প উৎস হিসেবে ভারতকে বেছে নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ভারত দীর্ঘদিন ধরে তাদের টেক্সটাইল ও পোশাক খাতে সরকারি প্রণোদনা দিয়ে আসছে। নতুন বাজেটে এই সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কাঁচামালের ওপর শুল্ক কমানো এবং উৎপাদন খাতে প্রণোদনা দেওয়ার মাধ্যমে তারা বৈশ্বিক বাজারে নিজেদের প্রতিযোগিতা বাড়াচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ ধীরে ধীরে রপ্তানি ভর্তুকি কমাচ্ছে, যা দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতিতে শিল্প খাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, ঋণ সুবিধা কমে যাওয়া এবং জ্বালানি সংকট মিলিয়ে উদ্যোক্তারা চাপে রয়েছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশগুলোর একটি। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি কমার বিপরীতে ভারতের রপ্তানি বাড়ছে।

ব্যবসায়ীরা মনে করছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শিল্পবান্ধব নীতি গ্রহণ জরুরি। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং কর সুবিধা দেওয়ার প্রস্তাবও উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এই খাতকে টিকিয়ে রাখতে হলে স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। অন্যথায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব আরও কমে যেতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ