নারায়ণগঞ্জে গুদারাঘাট সিডিউল জমা নিয়ে বিএনপির দুই গ্রুপ ও এনসিপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

উপজেলা কার্যালয়ে টেন্ডার জমা ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি থেকে দফায় দফায় সংঘর্ষ

by ABDUR RAHMAN
বিএনপির দুই গ্রুপ ও এনসিপির সংঘর্ষ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গুদারাঘাটের সিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা দিতে গেলে বিএনপির নেতা নজরুল ইসলাম গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপকে বাধা দেয়। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি এবং শেষে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। দুপুর প্রায় ২টা পর্যন্ত থেমে থেমে উত্তেজনা চলতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে টেন্ডার ড্রপের সময় ধাক্কাধাক্কির মধ্যে এনসিপির লোকজন সিডিউল জমা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে এনসিপি সমর্থক তৌহিদসহ কয়েকজন আহত হন। পরে তরিকুল ইসলামসহ আরও কয়েকজন আহত অবস্থায় সিডিউল জমা দিতে সক্ষম হন।

এ বিষয়ে এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ে সিডিউল জমা দিতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এতে তার এক কর্মী আহত হন এবং আরও কয়েকজন হামলার শিকার হন। তবে বাধা সত্ত্বেও সিডিউল জমা দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সিডিউল জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ