অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চলতি বছর দেবীদ্বার উপজেলায় ৫৩টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও ৩টি ভোকেশনাল প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৯৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে পরীক্ষার প্রথম দিনেই একটি কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হলে ২০২৫ সালের আটজন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে বসে তারা পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। প্রায় ২০ মিনিট পর ভুলটি ধরা পড়ে। এরপর শিক্ষা বোর্ড ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত প্রশ্নপত্র পরিবর্তন করেন। তবে এর মধ্যে শিক্ষার্থীরা কিছু সময় ভুল প্রশ্নে পরীক্ষা দেন এবং পরে সঠিক প্রশ্নপত্র পেলেও তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়নি।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। তারা বলেন, গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি অগ্রহণযোগ্য। এতে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনা সম্পর্কে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তবে ট্যাগ অফিসার মো. আনিসুর রহমান জানান, বিষয়টি নজরে আসার পর ৫–৭ মিনিটের মধ্যে প্রশ্নপত্র পরিবর্তন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন।
আর/

