অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
এসএসসি পরীক্ষার প্রথম দিনেই নারায়ণগঞ্জের সোনারগাঁ ও কুষ্টিয়ার দৌলতপুরে প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথমপত্র পরীক্ষায় দুই কেন্দ্রে ভিন্ন বছরের প্রশ্নপত্র বিতরণ করা হলে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ভুল সংশোধন করা হয়।
সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নে ১৭৭ জন পরীক্ষার্থী প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। বিষয়টি পরে ধরা পড়লে কেন্দ্র সচিব উপজেলা প্রশাসনের কাছে সময় বৃদ্ধির আবেদন করেন। পরে অতিরিক্ত সময় দিয়ে সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় অভিভাবকরা বিক্ষোভ করে কেন্দ্র সচিবের পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭ জন শিক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও শুরুতে গুরুত্ব দেওয়া হয়নি এবং তাদের ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বলা হয়। এতে তারা সঠিকভাবে উত্তর দিতে পারেনি বলে দাবি করে পুনঃপরীক্ষার দাবি জানায়।

পরে প্রশাসনের পক্ষ থেকে ভুল স্বীকার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনজন শিক্ষক, একজন কক্ষ পরিদর্শক ও দুইজন কেন্দ্র সচিবকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশ্নপত্র ব্যবস্থাপনায় অসতর্কতা ও গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে কঠোর নজরদারির কথা জানিয়েছেন তারা।
আর/

