আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, একটি ইরানি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ ভেঙে আরব সাগর হয়ে দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে।
ইরান আরও জানায়, তাদের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় জাহাজটির নিরাপদ প্রবেশ নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যক্রম শুরুর পর থেকে তারা অন্তত ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।
এদিকে মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে “এম/টি টিফানি” নামের একটি তেল ট্যাঙ্কার দখল করেছে মার্কিন বাহিনী। সোমবার রাতে পেন্টাগনের (বর্তমান প্রশাসনের ভাষায় যুদ্ধ মন্ত্রণালয়) নির্দেশে এই অভিযান চালানো হয় বলে জানা যায়।
এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কূটনৈতিক আলোচনা নিয়ে মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন বলে একাধিক মার্কিন সূত্র জানিয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, এখনো কোনো ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়নি। অন্যদিকে সিএনএন জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামী বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
আর/

