অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন। জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১৩ জন নারী প্রার্থীর নাম প্রকাশ করা হয়। তালিকায় রোকেয়া বেগম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ক্যাটাগরি থেকে আরও ১২ জন নারী মনোনয়ন পেয়েছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী থেকে ৮ জন নারী সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং সামসুন নাহার।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাগপা থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন এবং জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন।
জামায়াতের মহিলা বিভাগ সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের জন্য আরও কয়েকজন নারী নেত্রীর নাম নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, সামবুন নাহার ও মাহবুবা হাকিমসহ মোট ১৩ জন প্রার্থী।
রাজনৈতিক সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১১ দলীয় ঐক্য ৭৭টি আসনে জয় লাভ করে। সেই ফলাফলের ভিত্তিতে তারা মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। অন্যদিকে, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ পরিবারের সদস্যদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের ত্যাগকে সম্মান জানানো হয়েছে। রোকেয়া বেগমের মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
তালিকা চূড়ান্ত হওয়ার পর শিগগিরই তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে মনোনীতরা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আর/

