অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের নেওয়া ‘ফুয়েল পাস’ উদ্যোগ আরও বিস্তৃত করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের আরও ১৯টি জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে যেসব জেলায় নিবন্ধন চালু হয়েছে, সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। আজ থেকেই এসব জেলায় ব্যবহারকারীরা নিবন্ধন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের অপচয় রোধ, কালোবাজারি নিয়ন্ত্রণ এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৮ এপ্রিল ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলট কার্যক্রম সম্প্রসারণ করা হয়। ওই পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে এই সিস্টেমের আওতায় আনা হয়।
আরও আগে, ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য এই সেবা উন্মুক্ত রাখা হয়েছে।
এই অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট সীমার মধ্যে জ্বালানি সংগ্রহ করতে পারবেন, যা সরবরাহ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও তথ্যভিত্তিক করবে। পাশাপাশি প্রতিটি লেনদেন ডিজিটালভাবে সংরক্ষিত হওয়ায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে সব ধরনের যানবাহনকে এর আওতায় আনা সম্ভব হবে। এতে জ্বালানি খাতে অপচয় কমবে এবং সরকারের রাজস্ব ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফুয়েল পাস সংক্রান্ত যেকোনো মতামত, অভিযোগ বা পরামর্শ জানাতে নাগরিকরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন।
সরকারের এই উদ্যোগকে দেশের জ্বালানি খাতে একটি বড় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এটি জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
আর/

