অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ‘অলিখিত চুক্তির’ কারণে দেশের বিচারব্যবস্থা প্রভাবিত হচ্ছে। তার দাবি, এই পরিস্থিতির ফলে অভ্যুত্থান-সংশ্লিষ্ট দাগি আসামিরা জামিন পাচ্ছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আইডিইবি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা রয়েছে।
তার অভিযোগ, এই সমঝোতার প্রভাব এখন রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখা যাচ্ছে।
তিনি আরও দাবি করেন, অভ্যুত্থানের সময় হামলা ও হত্যাকাণ্ডে জড়িত অনেক আসামি বর্তমানে জামিনে মুক্ত রয়েছে।
পাশাপাশি তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত বিভিন্ন অধ্যাদেশ বাতিল করে প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।
সারজিস আলম অভিযোগ করেন, আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা এখনো হুমকির মুখে রয়েছেন এবং হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, বিরোধী শক্তিকে দমন করতে গিয়ে যেন সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না করা হয়।
তিনি আরও আহ্বান জানান, শহীদদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো দলীয় ব্যানারে বিভক্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আর/

