অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন থেকে তারা একচুলও পিছু হটবেন না।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি অভিযোগ করেন, সরকারি দল স্ববিরোধী অবস্থান নিয়ে জাতির মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ ও নির্বাচন নিয়ে বহু প্রশ্ন রয়েছে এবং নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ জন্য অন্তত দুজন রাজসাক্ষী পাওয়া গেছে—একজন সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য এবং একজন বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর এক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনে ছাত্রদের পাশাপাশি তারাও ছিলেন, তবে “ক্যাপ্টেনের হাতে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়েছেন”—এমন বক্তব্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে। মুহাম্মদ ইউনূস-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, যদি সবকিছু আগেই নির্ধারিত হয়ে থাকে, তাহলে নির্বাচন প্রক্রিয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
শফিকুর রহমান বলেন, তারা জনগণকে সঙ্গে নিয়েই অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন। তার ভাষায়, এই লড়াই শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
তিনি আরও বলেন, জনগণের গণরায় ও গণভোটের ফল বাস্তবায়ন হলেই দেশের সব সমস্যার সমাধানের পথ খুলে যাবে। সংসদে সুবিচার না পেলেও জনগণের কাছ থেকে ন্যায়বিচার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আর/

