আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
দীর্ঘ উত্তেজনা ও অচলাবস্থার পর অবশেষে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে, যা সরাসরি ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, নিরাপত্তা পরিস্থিতি ও কারিগরি সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রণালীটির ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং চলাচল সম্পূর্ণভাবে তাদের পর্যবেক্ষণে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দুই সপ্তাহের একটি সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে এবং দুই পক্ষই একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চায় ইরান, তবে এটি নির্ভর করবে পারস্পরিক আচরণ ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। তিনি জোর দিয়ে বলেন, উপসাগর এলাকায় যুদ্ধজাহাজের অপব্যবহার ইরান মেনে নেবে না এবং আন্তর্জাতিক আইন মেনেই তারা পদক্ষেপ নেবে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকেই কার্যত বন্ধ ছিল এই প্রণালী। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক শিপিং ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়। এখন ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনার দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল, যেখানে এই অস্থায়ী সিদ্ধান্ত স্থায়ী রূপ পায় কি না সেটিই মূল প্রশ্ন।
আর/

