সংসদ ভবন এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি এ ঘটনায় সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দাঁড়িয়ে তিনি বলেন, সংসদ প্রাঙ্গণে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করে।
তার দাবি, সম্ভবত তার পাগড়ি ও সাদা পাঞ্জাবির কারণেই এমন মন্তব্য করা হয়েছে।
তিনি বলেন, “আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির প্রতীক হতে পারে না।”
হানজালা আরও জানান, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা সংসদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি স্পিকারের কাছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের চিহ্নিত করার আহ্বান জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিলে বিষয়টি বিবেচনা করা হবে।
একই অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেন, নারী সংসদ সদস্যদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দেওয়া হয়েছে এবং এর প্রতিকার দাবি করেন।
আর/

