আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা

কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও আরব আমিরাত যৌথ বিবৃতিতে বলেছে, পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের লঙ্ঘন।

by ABDUR RAHMAN

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর এবং আরব আমিরাত।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, সিদ্ধান্তটি অবৈধ ও অযৌক্তিক। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উসকানিমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের বিরুদ্ধে পদক্ষেপেরও তীব্র নিন্দা জানানো হয়েছে।

দেশগুলো আরও জানিয়েছে, দখলকৃত জেরুজালেম বা সেখানে অবস্থিত ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। আল-আকসা মসজিদের পুরো এলাকা কেবল মুসলমানদের জন্য নির্ধারিত। মসজিদের দেখভাল ও প্রশাসনের আইনগত দায়িত্ব জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের।

পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল-আকসা মসজিদের ফটক খুলে দিতে, জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে নিতে এবং মুসল্লিদের বাধাহীন প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া তারা আন্তর্জাতিক সম্প্রদায়কেও পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসও এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ