জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, নতুন সংসদ অধিবেশন শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দেশবাসীকে দল-মত নির্বিশেষে সোচ্চার হতে হবে।
বুধবার (১১ মার্চ) রংপুরের Shahid Abu Saeed Stadium-এ অনুষ্ঠিত এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হবে। আমরা আশা করি, সরকার দলীয় এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি তা না হয়, আপনাদের সবাইকে যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। এগুলো শুধু আমাদের দলের দাবি নয়, নতুন বাংলাদেশের দাবি।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা একটি কার্যকর সংসদ দেখতে চাই। বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে এবং সব কমিটমেন্ট রক্ষা করতে হবে।” তিনি গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদকে স্মরণ করে বলেন, রংপুর বিভাগের সঙ্গে কোনো বৈষম্য হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর মহানগরীর সদস্য সচিব মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/

