নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, শুধু কাগজে-কলমে কমিটি গঠন করলেই সংগঠন শক্তিশালী হয় না। প্রতিটি কমিটিকে সক্রিয় রাখতে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং মাঠপর্যায়ে সক্রিয় জনশক্তির হিসাব নিতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, সংগঠনের প্রকৃত শক্তি সম্পর্কে নিজেদের কাছে স্পষ্ট ধারণা থাকতে হবে। কাগজে-কলমে সদস্যসংখ্যা বাড়ানো কিংবা বড় সমাবেশের উপস্থিতিকে অতিরঞ্জিত করে দেখলে সংগঠনের প্রকৃত অবস্থা বোঝা যায় না। কর্মী শুধু খাতায় থাকার বিষয় নয়, তাকে মাঠে সক্রিয় থাকতে হবে।
তিনি সাংগঠনিক কার্যক্রমে ‘কাজীর গরু খাতায় আছে, গোয়ালে নেই’ ধরনের প্রবণতা পরিহারের আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সাংগঠনিক কাঠামো মজবুত করার পাশাপাশি বহির্মুখী কার্যক্রমও চালাতে হবে। এ জন্য প্রতিটি শাখায় নিয়মিত দাওয়াতি মজলিস, ইজতেমা-দাওয়াত, হালকা তালিম ও ইসলাহী মজলিস বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, কমিটি গঠনের পাশাপাশি প্রতিটি জনশক্তিকে কাজের সঙ্গে যুক্ত করতে হবে। কাজের মাধ্যমেই কর্মী তৈরি হয়, কর্মী সচল থাকে এবং সংগঠন কার্যকর থাকে। কর্মসূচি বাস্তবায়ন ছাড়া কোনো কমিটি শুধু নামের তালিকা হিসেবে থাকবে না—এমন সাংগঠনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক পরিকল্পনার কথা তুলে ধরে মামুনুল হক বলেন, প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের পর ইউনিট পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি মসজিদকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি ইসলাহী মজলিসগুলো বৃহত্তর পরিসরে আয়োজন করে মাসিক ইজতেমা হিসেবে পরিচালনার পরামর্শ দেন। এর মাধ্যমে জনশক্তির মধ্যে পারস্পরিক যোগাযোগ, সংগঠন নিয়ে মতবিনিময় এবং নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের পরিবেশ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা থেকে তরবিয়তি সফরের কাফেলা বের করার আহ্বান জানান।
মামুনুল হক আরও বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতার পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো শক্তিশালী করার কাজও একসঙ্গে চালিয়ে যেতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসকে গণমুখী সংগঠনে পরিণত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংগঠনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। স্থানীয় পর্যায়ে জনগণের সামনে সংগঠনের প্রতিনিধিত্ব করতে সক্ষম যোগ্য নেতৃত্ব গড়ে তোলার কথাও বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতারাও সম্মেলনে অংশ নেন।

