‘বাণিজ্য ও রপ্তানি খাতে বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে’— আল্লামা মামুনুল হক

বিদ্যুৎ-জ্বালানি খাত ভিনদেশি শক্তির হাতে তুলে দিয়ে রপ্তানি ধ্বংসের চক্রান্তের অভিযোগ; চট্টগ্রামের নাগরিক সমাবেশে তারেক রহমান ও সরকারকে হুঁশিয়ারি।

by ABDUR RAHMAN
বাণিজ্য ও রপ্তানি খাতে বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানিমুখী খাতকে ধূলিসাৎ করতে আন্তর্জাতিক শক্তি ও বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিদ্যুৎ, তেল ও গ্যাসের মতো দেশের স্পর্শকাতর জাতীয় খাতগুলোকে ভিনদেশি শক্তির নিয়ন্ত্রণে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম সিআরবি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, তীব্র জ্বালানি সংকট নিরসন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক বিশাল নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ যে নতুন স্বাধীনতা এনেছে, তার মাধ্যমে কেবল একটি দলের ক্ষমতারই অবসান ঘটেনি, বরং আধিপত্যবাদের মূল উপড়ে ফেলা হয়েছে। কিন্তু বর্তমানে সীমান্তের ওপার থেকে পরাজিত শক্তি আবারও অপতৎপরতা শুরু করেছে, যা প্রতিরোধ করা সরকারের নৈতিক দায়িত্ব।

সরকারের কার্যক্রম ও জাতীয় ঐক্যের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজপথের যে ঐতিহাসিক ঐক্য গড়ে উঠেছিল, তা দিন দিন নষ্ট করা হচ্ছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচার বিভাগ এবং দলীয়করণমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বর্তমান সাংবিধানিক কাঠামো পরিবর্তন না করা হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা যেকোনো নেতাই পুনারায় স্বৈরাচারে পরিণত হবেন বলে সতর্ক করেন তিনি।

জ্বালানি ও অর্থনৈতিক সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে খেলাফত মজলিসের আমির বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে যে আধিপত্যবাদকে বিতাড়িত করেছে, কোনো অজুহাতেই সেই নতুন রূপের আধিপত্যকে আর এ দেশের মাটিতে জায়গা দেওয়া হবে না।

বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও রাজপথের ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে জনগণের মূল অভিপ্রায়গুলো বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী উসমান, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী এবং যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

banner

এ জাতীয় আরো সংবাদ