অনলাইন ডেস্ক>>
নারায়ণগঞ্জ শহরে ভোরবেলা এক পুলিশ কর্মকর্তার ওপর দুঃসাহসিক হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান দায়িত্ব পালনকালে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে কৌশলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান এসআই লুৎফর রহমান।
এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুঃসাহসিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

