ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইরান মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানে মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে তেহরান উদ্বিগ্ন কিনা। জবাবে আরাঘচি বলেন- না, আমরা চিন্তিত নই। বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি। কারণ, আমরা নিশ্চিত যে তাদের মোকাবিলা করতে পারব এবং এটি তাদের জন্য একটি বড় বিপর্যয়ে পরিণত হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুন মাসে যখন ১২ দিন ধরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলেছিল, তখনও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি।
তিনি আরো বলেন, জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলাকালে আমরা অনুমান করেছিলাম যে একটি যুদ্ধ ঘনিয়ে আসছে। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দিইনি। এমনকি গত বছর জুনে ১২ দিনের যুদ্ধে যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, তখনও আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি। সেই সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরাইল, যারা এই সংঘাত শুরু করেছিল।
সূত্র: এনবিসি নিউজ।
আবুআ/

