নারায়ণগঞ্জ-এর বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানাপ্রাচীর ঘেঁষে প্রতিবেশী সাজিত এসে তাকে পিঠে থাপ্পড় দেন। পরে ওসমানও পাল্টা থাপ্পড় দিলে বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, সাজিত বিষয়টি তার পরিবারকে জানালে তারা একত্র হয়ে ওসমান গনিকে মারধর করে। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলাল আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর/

