অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিসমিল্লাহ ম্যানশন এলাকায় অভিযুক্তকে আটক করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায়।
তবে অভিযুক্তকে ভবন থেকে বের করার সময় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে এলাকা নিয়ন্ত্রণে আনা হয়।
বাকলিয়া থানার ওসি মো. সোলাইমান বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। তবে কিছু মানুষ আইন নিজের হাতে নিতে চাইছে। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তকে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ভুক্তভোগী শিশুর পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
আর/

