লন্ডনের আসন্ন মেয়র নির্বাচন ২০২৮ সামনে রেখে রিফর্ম ইউকে দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। দলটির নেতা নাইজেল ফারাজ এক প্রেস কনফারেন্সে মুসলিম নারী প্রার্থী লায়লা কানিংহ্যাম এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লন্ডনের স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকের প্রচারণায় লায়লা কানিংহ্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময় তিনি বলেন, লন্ডনবাসীর জন্য তার কাছে একটি ভিন্ন ও কার্যকর অবস্থান রয়েছে।
লায়লা কানিংহ্যাম জানান, নির্বাচিত হলে তিনি রাজধানীতে ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। ছুরি-সংক্রান্ত অপরাধ, মাদক ব্যবসা, ডাকাতি ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
মিসরীয় বংশোদ্ভূত লায়লা কানিংহ্যাম ২০২২ সালে ওয়েস্টমিনস্টার এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তার মতে, মেট্রোপলিটন পুলিশের বর্তমান সংকট জনবল নিয়োগের চেয়ে বরং সঠিক অগ্রাধিকার নির্ধারণের অভাবের ফল।
এদিকে, বর্তমান লন্ডন মেয়র সাদিক খান এখনো চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বলে জানিয়েছে মিডিয়া।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

