গাজা উপত্যকায় ডক্টরস উইদাউট বর্ডার্স ও অক্সফাম এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থাসহ মোট ৩৭টি ত্রাণ প্রতিষ্ঠানের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এসব ত্রাণ সংস্থা তাদের ফিলিস্তিনি কর্মীদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেনি। কর্তৃপক্ষ আরও জানায়, যেসব সংস্থা নিরাপত্তা ও স্বচ্ছতার নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হবে, তাদের লাইসেন্স স্থগিত করা হবে।
এদিকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের মানবাধিকার সংগঠনগুলো। তারা একে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করতে পারে।
উল্লেখ্য, মাত্র দুই দিন আগে কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যেন গাজায় ত্রাণ সরবরাহে বিদ্যমান সব ধরনের বাধা দ্রুত অপসারণ করা হয়।
এক যৌথ বিবৃতিতে ওই দেশগুলো জানায়, গাজায় বর্তমানে প্রায় ১৬ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। শীত ও ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। একই সঙ্গে প্রায় ১৩ লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয়ের প্রয়োজন রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করতে জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ–কে পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে এবং রাফাসহ সব সীমান্তপথ খুলে দিয়ে ত্রাণের পরিমাণ বাড়াতে হবে।
সূত্র: জিও নিউজ।
আবুআ/

