ইসরাইলি নাগরিক শনাক্ত হলেই দেশ থেকে বহিষ্কারের ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ফরেস্ট সিটির ‘নেটওয়ার্ক স্কুল’ ঘিরে তদন্ত জোরদার; দ্বিতীয় দেশের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশের অভিযোগ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ

by ABDUR RAHMAN
ইসরাইলি নাগরিক শনাক্ত হলে দেশ থেকে বহিষ্কারের ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি পুনর্ব্যক্ত করেন, মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং এ নীতিতে কোনো পরিবর্তন আসছে না।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যে ইসরাইলি নাগরিকের উপস্থিতি এবং একটি বেসরকারি প্রযুক্তিভিত্তিক আবাসিক কমিউনিটির সঙ্গে তাদের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আনোয়ার ইব্রাহিম বলেন, “যদি আমরা কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত করতে পারি, তাহলে তাকে অবিলম্বে মালয়েশিয়া থেকে বহিষ্কার করা হবে। কারণ মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।”

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, কয়েকজন ইসরাইলি নাগরিক দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব তথ্যের সত্যতা যাচাইয়ে নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জোহরের ফরেস্ট সিটিতে পরিচালিত প্রযুক্তিভিত্তিক আবাসিক কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’। এ প্রতিষ্ঠানের একটি কর্মসূচিতে ইসরাইলি নাগরিকদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর জোহর রাজ্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন বিভাগ এবং অন্যান্য সংস্থাকে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ১৪ জুলাই পরিচালিত যৌথ অভিযানে ফরেস্ট সিটির ওই প্রতিষ্ঠানে বসবাসরত ৪০টি দেশের ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের সবার কাছেই বৈধ অভিবাসন-সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেছে। তবে তারা প্রবেশের শর্ত ও অভিবাসন আইন যথাযথভাবে মেনে চলেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, তদন্তে পরিচয় গোপন, জাল ভ্রমণ নথি ব্যবহার, অভিবাসন সুবিধার অপব্যবহার কিংবা আইনের অন্য কোনো লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তদন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নি এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। সাধারণভাবে ইসরাইলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য বিশেষ সরকারি অনুমোদন প্রয়োজন। এদিকে ২০২৪ সালে প্রযুক্তি উদ্যোক্তা বালাজি শ্রীনিবাসন প্রতিষ্ঠিত নেটওয়ার্ক স্কুল মূলত প্রযুক্তি উদ্যোক্তা ও স্টার্টআপকেন্দ্রিক একটি আবাসিক কমিউনিটি হিসেবে পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক অভিযোগের পর প্রতিষ্ঠানটিকে ঘিরে নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারি বেড়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ