আমিরাতে অর্থ পাচার ও প্রতারণা মামলায় ভারতীয় নাগরিকের ৫ বছরের কারাদণ্ড

by AMIRUL ISLAM

ভারতীয় ব্যবসায়ীর ছদ্মবেশে প্রতারণা চালানো বলবিন্দর সিং সেহনি, যিনি ‘আবু সাবাহ’ নামে পরিচিত, তার বিরুদ্ধে দায়ের করা বিটকয়েনভিত্তিক মানি লন্ডারিং মামলায় পাঁচ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দুবাইয়ের সর্বোচ্চ আদালত। মামলায় প্রায় ১৫ কোটি দিরহাম (প্রায় ৪ কোটি ৮ লাখ মার্কিন ডলার) অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

রায় ঘোষণার পর দুবাই আদালত তাকে সাজা শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কারেরও নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন
banner

বুধবার দুবাইয়ের সর্বোচ্চ আদালত কোর্ট অব ক্যাসেশন বলবিন্দর সিং সেহনির করা আপিল খারিজ করে দেয়। এর ফলে তার সাজা চূড়ান্ত রূপ পেয়েছে এবং এই রায়ের বিরুদ্ধে আর আপিলের সুযোগ নেই।

এর আগে চলতি বছরের মে মাসে দুবাইয়ের একটি আদালত তাকে একাধিক আর্থিক অপরাধে দোষী সাব্যস্ত করে।

গত আগস্টে দুবাইয়ের আপিল আদালত মামলায় অভিযুক্ত ৩০ জনকে নির্দেশ দেয়, মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার হওয়া ১৫ কোটি দিরহাম ফেরত দিতে। তবে আদালত পরে এই অর্থদণ্ড মওকুফ করে, কারণ তদন্ত চলাকালেই জব্দ করা সম্পদ থেকে ওই অর্থ আদায় করা সম্ভব হয়েছিল।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে বলবিন্দর সিং সেহনির ব্যবসায়িক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়। এতে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে বিটকয়েন ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ স্থানান্তর করা হয়।

আবুধাবির স্টেট সিকিউরিটি এজেন্সির কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। তদন্তে প্রকাশ পায়, এই চক্রের সঙ্গে জড়িত ৩০ জন ব্যক্তি যুক্তরাজ্যের সংগঠিত অপরাধী গোষ্ঠীর সঙ্গে মিলে মানি লন্ডারিং কার্যক্রম পরিচালনা করছিল।

রেকর্ড অনুযায়ী, যুক্তরাজ্যের মাদক ব্যবসা ও কর ফাঁকি থেকে অর্জিত প্রায় ১৮ কোটি দিরহাম বিটকয়েনের মাধ্যমে সেহনির মালিকানাধীন পাঁচটি ডিজিটাল ওয়ালেটে পাঠানো হয়। পরে এই অর্থ নগদে রূপান্তর করে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের অ্যাপার্টমেন্টে সরবরাহ করা হতো।

সূত্র: জিও নিউজ।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ