কওমী মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের কর্মমুখী ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)। ‘বেফাক স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প’ শিরোনামের এই কর্মসূচির মাধ্যমে কওমী অঙ্গনে মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
আজ শনিবার (২ মে) রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক সদর দপ্তরে আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে খাসের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশিক্ষণের প্রধান ক্ষেত্রসমূহ:
বেফাকের নিজস্ব ভবনে শীঘ্রই চালু হতে যাওয়া এই প্রকল্পের অধীনে কওমী শিক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে:
কারিগরি শিক্ষা: আধুনিক শ্রমবাজারের উপযোগী কারিগরি প্রশিক্ষণ।
ভাষা শিক্ষা: দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের জন্য ভাষাগত দক্ষতা বৃদ্ধি।
ব্যবস্থাপনা ও উদ্যোক্তা: প্রশাসনিক ব্যবস্থাপনা এবং নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার বিশেষ কোর্স।
আর্থিক অনুদান ও বৃত্তি:
সভায় জানানো হয় যে, দেশের অনগ্রসর এলাকার মাদরাসাসমূহের উন্নয়নে চলমান প্রকল্পের অংশ হিসেবে ১০০টি মাদরাসায় ইস্তেঞ্জাখানা তৈরির জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এছাড়া বর্তমান কমিটির কার্যকালে এ পর্যন্ত শিক্ষার্থীদের ১০ কোটি টাকারও বেশি মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী মাসের শুরু থেকেই চলতি বছরের মেধাবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হবে বলে সভায় নিশ্চিত করা হয়।
সনদের স্বীকৃতি ও অন্যান্য:
কওমী শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য বজায় রেখে সনদের সরকারি স্বীকৃতি বাস্তবায়নের কাজ গতিশীল রাখতে সংশ্লিষ্ট কমিটিকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্যবৃন্দ।
মজলিসে খাসের এই গুরুত্বপূর্ণ সভায় বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

