টানা বৃষ্টিতে রংপুরে ভয়াবহ জলাবদ্ধতা, বাসাবাড়ি-দোকানে ঢুকছে পানি

৬৮.৬৮ মিলিমিটার বৃষ্টিতে নগরজীবন বিপর্যস্ত, খাল পুনঃখনন ও ড্রেন সংস্কারের দাবি নাগরিকদের

by ABDUR RAHMAN
রংপুরে ভয়াবহ জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রংপুরে টানা বৃষ্টিপাতের কারণে নগরজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেক স্থানে বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (২ মে) সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬৮ দশমিক ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আগামী কয়েকদিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

নগরীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল ঘুরে দেখা গেছে, হাঁটুসমান পানি জমে রয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ দীর্ঘস্থায়ী হচ্ছে। বিশেষ করে অপরিকল্পিত ও অপরিষ্কার ড্রেন এবং খালের কারণে পানি নামতে পারছে না।

রংপুরে ভয়াবহ জলাবদ্ধতা

স্থানীয় বাসিন্দা মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দিনের বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে গেছে এবং টানা কয়েকদিন ধরে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার মতে, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই সামান্য বৃষ্টিতেও এমন পরিস্থিতি তৈরি হয়।

একই এলাকার শিক্ষক কলিমুদ্দিন জানান, এটি দীর্ঘদিনের সমস্যা হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। তিনি বলেন, রাস্তাঘাট নিচু হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে, যা অব্যবস্থাপনার ফল।

নগরবাসীরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং খাল পুনঃখননের দাবি জানিয়েছেন। তাদের মতে, টেকসই উন্নয়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন জানিয়েছেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। নগরীর অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত একটি বিশেষ টিম কাজ করছে।

তিনি আরও বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাও জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা হচ্ছে যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, শ্যামা সুন্দরী খালসহ বিভিন্ন খাল ও জলাশয় টেকসইভাবে সংস্কার করা গেলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান পাওয়া সম্ভব।

বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অল্প সময়ে বেশি বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। তাই নগর পরিকল্পনায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও জলাধার সংরক্ষণ এখন সময়ের দাবি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ