অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
দেশজুড়ে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তার মতে, তেলের দাম বাড়ার পর এমন পরিবর্তন স্বাভাবিকভাবে নানা প্রশ্নের জন্ম দেয়।
শনিবার (২ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনের আয়োজন করা হয় ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনকে ঘিরে।
আখতার হোসেন বলেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায়কে উপেক্ষা করেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সরকারের দায়িত্ব হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, আবার কখনো ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন, আর সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে।
ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের অল্প অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্নীতির পথ খুলে দিতে পারে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, দলের পক্ষ থেকে জানানো হয়, রোববার দিনব্যাপী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন সেশনে এনসিপি নেতাদের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
আর/

