নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ
আগামীকাল ২৪ এপ্রিল গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ সফল করতে বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় পুরানা পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা কুরবান আলী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা ফয়সাল আহম্মদ, মাওলানা আবু সাঈদ নোমানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছানাউল্লাহ আমিনী ও মাওলানা মুর্শিদ সিদ্দিকীসহ যুব ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দেওয়ার আহ্বান
সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ২৪ এপ্রিলের গণসমাবেশকে একটি বৃহত্তর গণআন্দোলনে রূপ দিতে হবে। তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছে। এই রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে গণভোট বাধ্যতামূলক করা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। অথচ বর্তমান সরকার গণভোটের রায় উপেক্ষা করে সীমিত আকারে সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে তারা উল্লেখ করেন।
সভায় জানানো হয়, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
দলের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত গণভোটের রায় কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ২৪ এপ্রিলের গণসমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, উক্ত গণসমাবেশে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

