আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা, যা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও নিশ্চিত করেছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের পর চলমান দুই সপ্তাহের অন্তর্বর্তী যুদ্ধবিরতির মধ্যেই শনিবার (১১ এপ্রিল) বিকেলে এই আলোচনা শুরু হয়।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলও শরিফের সঙ্গে বৈঠক করে। এ সময় স্টিভ উইটকফ ও জারেড কুশনার উপস্থিত ছিলেন।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, শান্তি আলোচনায় ইরানের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়ে পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি উভয় পক্ষকে সহায়তা করতে ইসলামাবাদ আগ্রহী বলেও উল্লেখ করা হয়।
এর আগে আলোচনা পরোক্ষভাবে চললেও শনিবার তা নতুন মোড় নেয়।
সূত্রগুলোর বরাতে জানা গেছে, এবার দুই দেশের প্রতিনিধিরা প্রথমবারের মতো একই টেবিলে বসে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও এ সময় উপস্থিত রয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ এই আলোচনাকে ‘ঐতিহাসিক শান্তি আলোচনা’ হিসেবে উল্লেখ করেছে।
আর/

