গণভোটের রায় বাস্তবায়ন এবং ভবিষ্যৎ আন্দোলনের কর্মপন্থা নির্ধারণ করতে জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য শীর্ষ পর্যায়ের একটি বৈঠকের আহ্বান জানিয়েছে।
বৈঠকটি আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে একই স্থানে দুপুর ১২টায় একটি সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে জোটের নেতারা গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সেই সিদ্ধান্তের অংশ হিসেবে গত শনিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি গণসংযোগ, লিফলেট বিতরণ এবং জনমত গড়ে তোলার বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়।
আগামীকালের বৈঠকে আন্দোলনের রূপরেখা এবং পরবর্তী কর্মসূচি চূড়ান্তভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আর/

