ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রত্যেক সংসদ সদস্যকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার বিষয়ে পঞ্চগড়-১ আসনের অর্থের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।
বুধবার (২৫ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, অন্যান্য আসনের মতো পঞ্চগড়-১ আসনের বরাদ্দকৃত অর্থেরও স্বচ্ছ হিসাব প্রকাশ করা উচিত।
এ সময় তিনি কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-এর প্রসঙ্গ টেনে আনেন।
সারজিস লিখেছেন, “ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার আসনের হিসাব দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়?”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সারজিস আলম। তিনি শাপলাকলি প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পান।
অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
আর/

