বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সরকারকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, সম্প্রতি ১১টি সিটি করপোরেশন এবং ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই পদগুলোতে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যারা বিগত নির্বাচনে জনগণের ভোটে পরাজিত হয়েছে বা সরকারী দলীয় সমর্থক। উদাহরণ হিসেবে তিনি ঢাকা উত্তর সিটিতে শফিকুল ইসলাম মিল্টন ও খুলনা সিটিতে নজরুল ইসলাম মঞ্জুর নাম উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাত্র এক মাস পার হলেও সরকার স্থানীয় সরকার নির্বাচনের পরিবর্তে দলীয় নেতাদের পুনর্বাসন করছে, যা গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হালিম বিশ্ববিদ্যালয় ও ব্যাংক গভর্নরের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনাও করেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি সরাসরি রাজনৈতিক প্রচারে লিপ্ত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে একজন পেশাদার ব্যক্তিকে সরিয়ে একজন ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়াকে তিনি নজিরবিহীন ও উদ্বেগজনক মনে করেন। জামায়াতের পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হয়েছে, যদি তারা জনমতের তোয়াক্কা না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যায়, তাহলে তারা রাজপথে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের সহযোগিতা করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান ও প্রচার বিভাগের সহকারী মুজিবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/

