জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। একই সঙ্গে বিরোধী দলও সে অবস্থায় প্রতিরোধে থাকবে।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ “জুলাই সনদ”কে অবজ্ঞা করছেন। তার মতে, কোনোভাবেই এটিকে অসাংবিধানিক বলা যায় না।
তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে সেই রায়ের আদেশও মানতে হবে। কিন্তু সরকারি দল গণভোট মেনে নেবে কি না—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।”
সংসদে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হলেও আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয়গুলো গায়ের জোরে মানতে চাইছে না। ’৯১ সালেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল, যার কারণে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি।”
এনসিপির আহ্বায়ক সতর্ক করে দিয়ে বলেন, “সরকার যদি গণভোট বিনষ্টের চেষ্টা করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে—আমরাও দাঁড়াবো।”
তিনি জানান, গণভোটের দাবি বাস্তবায়নে রাজপথে কর্মসূচিও অব্যাহত থাকবে।
আর/

