জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারা জীবন ভারতের বিপক্ষে কথা বলা একটি দল এখন ক্ষমতার লোভে ভারতের সঙ্গে সমঝোতা করছে। যারা দুর্নীতি, চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে এবং ভারতের সঙ্গে সমঝোতা ও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে—তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
বুধবার (১১ মার্চ) রংপুর নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গত ৫০ বছর ধরে এ দেশে ‘ভারত কার্ড’ চালু ছিল, আর এখন ‘সমঝোতার কার্ড’ চালু হয়েছে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “বাংলার মানুষ যতদিন জীবিত থাকবে এবং রংপুরের মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন তারা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না।”
তিনি বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী কথা বললেই নাকি তাদের চুলকানি শুরু হয়ে যায়। আমি বিএনপি নিয়ে কথা বলতে চাই না। আমি চাঁদাবাজ, সন্ত্রাসীদের নিয়ে কথা বলতে চাই। যদি বিএনপির সঙ্গে এসব থাকে, তাহলে বিএনপির উচিত চাঁদাবাজ, সন্ত্রাসীদের কাছে না রাখা। না হলে মানুষ বলবে, আব্বাস চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। চাঁদাবাজ বললে অনেকের গা শিউরে ওঠে। কেন আমি ব্যক্তি আব্বাসকে নিয়ে বলি? আমি ব্যক্তি আব্বাসকে নিয়ে বলি না। আমি চাঁদাবাজ আব্বাসের মাধ্যমে পুরো দেশের চিত্র তুলে ধরার চেষ্টা করি। এজন্য এগুলো দ্রুত বন্ধ করুন। না হলে আমরা এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান তুলে ধরব।”
পাটওয়ারী বলেন, দেশের মানুষকে হাট-বাজারে চাঁদাবাজদের বয়কট করতে হবে। মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে এবং খুতবায় চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে। প্রয়োজনে মানুষ ফুটপাতে দোকান করে উপার্জন করবে, তবু চাঁদার টাকায় চলবে না—এমন সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি চাঁদাবাজ, সন্ত্রাসী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে স্লোগান দেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম। অনুষ্ঠানে বিএনপি, এনসিপি, জামায়াত ও এবি পার্টির নেতাকর্মীসহ সুধী সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর/

