ইকোপার্কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ৭ বছরের হীরা

by ABDUR RAHMAN

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় সাত বছর বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী শিশুটির নাম হীরা। সে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের মেয়ে।

রবিবার (১ মার্চ) সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন
banner

থানা সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ জানতে পারে সীতাকুণ্ডের ফকিরহাটস্থ ইকোপার্ক এলাকায় একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, “হাসপাতালে আনার পর চিকিৎসকরা জানান, মেয়েটির গলায় জবাই করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের সময় সে অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়।”

হাসপাতালে নেওয়ার পর অনেক কষ্টে শিশুটি তার নাম-পরিচয় জানাতে সক্ষম হয়। ইতোমধ্যে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ