বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন নির্যাতন বা জুলুমের শিকার না হন।”
তিনি বলেন, “আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিপীড়নের শিকার হলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারে—সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এতিম শিশুদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “তাদের মধ্য থেকে মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে হবে। সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাই ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা করি সরকার সেই কাজই করবে।”
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চার সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর স্পষ্ট আঘাত।”
তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের চাকরিতে পুনর্বহাল করবে। অন্যথায় তা একনায়কতান্ত্রিক প্রবণতার ইঙ্গিত হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশ নেয়।
আর/

