আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ার গ্রামে দুই ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রামের একটি স্কুলে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি কিশোর এবং এক যুবক নিহত হন। বুধবার তাদের জানাজার সময় শোক মিছিলে ইসরায়েলি বাহিনী গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
হামলার কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বাধা ও হামলার মধ্যেই স্থানীয় মসজিদে জানাজা সম্পন্ন করা হয় এবং পরে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয় বলে জানায় স্থানীয় সূত্র।
ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও নিশ্চিত করেছে, যেখানে জানাজার সময় চলমান সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে।
এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। গাজা ও পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে চলা সংঘাত, হামলা ও অবরোধের কারণে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্ক করেছে।
আর/

