অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজির দাম বৃদ্ধি করার সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনবিরোধী বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।
রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
তিনি আরও উল্লেখ করেন, এর আগে ২ এপ্রিল এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলছে বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যখন এমনিতেই চাপে রয়েছে, তখন এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একইসঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধিও সামগ্রিক অর্থনৈতিক চাপ বাড়িয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এলপিজি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য একটি অপরিহার্য জ্বালানি। এর মূল্যবৃদ্ধির ফলে রান্নার খরচসহ সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, যা জনগণের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে।
তিনি এই সিদ্ধান্তকে “জনস্বার্থবিরোধী” আখ্যা দিয়ে অবিলম্বে তা পুনর্বিবেচনা করে প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আর/

