ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক: এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন সংগঠনের নেতারা

নাহিদ ইসলাম: সাবেক পরিচয় নয়, আদর্শই মুখ্য; অপরাধে জড়িতদের জন্য দল উন্মুক্ত নয়

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জনেরও বেশি নেতার এনসিপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (১৯ এপ্রিল) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক। এছাড়াও হাসিব আল ইসলাম, শাহাদাত হোসেন, শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীরসহ আরও অনেকে দলে যুক্ত হয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, কেউ আগে কোন দল বা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে পরিচয়ই থাকুক না কেন, এনসিপিতে যোগদানের পর সবাই দলীয় আদর্শ অনুযায়ী কাজ করবেন। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত কেউ এই দলে স্থান পাবে না।

সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মের নেতারা একত্রিত হচ্ছেন। তিনি জানান, ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা। নাহিদ ইসলাম আরও জানান, যোগদানকারী নেতাদের পূর্ণাঙ্গ তালিকা লিখিত আকারে প্রকাশ করা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ