অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, মোট ১৩ জন নারী প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন মনোনীত হয়েছেন। তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং সামসুন নাহার।
অন্যদিকে, জোটের শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে আরও ৫ জন প্রার্থী মনোনীত হয়েছেন। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম রয়েছেন।
জোট সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য ৭৭টি আসনে বিজয়ী হয়। সেই ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে জোটটি মোট ১৩টি আসন লাভ করেছে।
অন্যদিকে, দেশের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬টি আসন পেয়েছে বিএনপি।
আর/

