আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের সঙ্গে চলমান শান্তি আলোচনাকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক সংঘাত থেকে সম্পূর্ণ আলাদা রাখার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, লেবাননের ভবিষ্যৎ নির্ধারণে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অন্য কোনো দরকষাকষির অংশ হওয়া উচিত নয়।
সম্প্রতি ওয়াশিংটনে প্রায় ৪০ বছর পর লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর প্রেক্ষাপটে আউন বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য একটি ‘কঠিন সন্ধিক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, লেবাননের সামনে দুটি পথ—যুদ্ধের ধ্বংস কিংবা আলোচনার মাধ্যমে টেকসই স্থিতিশীলতা।
প্রেসিডেন্ট আউন জানান, তার সরকারের লক্ষ্য দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান, শত্রুতা বন্ধ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পর্যন্ত লেবাননের সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করা। এ লক্ষ্যে তিনি সাবেক রাষ্ট্রদূত সাইমন কারামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গঠনের কথাও জানিয়েছেন।
অন্যদিকে, ইরান এই প্রক্রিয়াকে বৃহত্তর আঞ্চলিক সমঝোতার অংশ হিসেবে দেখতে চায়। তেহরান সমর্থিত হিজবুল্লাহ ইস্যুতে ভিন্ন অবস্থান থাকলেও আউন লেবাননের স্বার্থকে স্বতন্ত্রভাবে দেখার ওপর জোর দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার পরিবেশ তৈরিতে মধ্যস্থতা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
তবে মাঠপর্যায়ে উত্তেজনা এখনো বিদ্যমান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না। তা সত্ত্বেও প্রেসিডেন্ট আউন আশাবাদী যে আলোচনার মাধ্যমেই দেশকে সংঘাত থেকে বের করে আনা সম্ভব হবে।
আর/

