বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি

যাত্রী প্রতিনিধিত্ব বাদ দিয়ে ভাড়া নির্ধারণের অভিযোগ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

by ABDUR RAHMAN
যাত্রী কল্যাণ সমিতি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

আন্তর্জাতিক ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতির প্রভাবশালী নেতৃত্ব একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞাপন
banner

সোমবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম পরিবর্তনের অজুহাতে পরিবহন খাতে বারবার ভাড়া সমন্বয় করা হলেও যাত্রীদের কোনো প্রতিনিধিত্ব রাখা হয় না, যা সম্পূর্ণ অন্যায্য।

তিনি আরও অভিযোগ করেন, মালিক সমিতি সরকারি কিছু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে যাত্রীদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে ভাড়া নির্ধারণের চেষ্টা করছে। জনস্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নেই বলেও দাবি করেন তিনি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের অনুপাতে বাসভাড়া কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। এর বাইরে কোনো ধরনের ভাড়া বৃদ্ধি হলে যাত্রী কল্যাণ সমিতি কঠোর আন্দোলনে যাবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পরিবহন খাতে আসন সংখ্যার ভুল হিসাব, অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ব্যয় দেখানো, বীমা ও বেতন খাতে কাগুজে ব্যয় দেখিয়ে ভাড়া বাড়ানো, এবং দূরপাল্লার ভাড়ায় অনিয়ম এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

এছাড়া যাত্রীদের ভাড়া তালিকা না দেখানো, বৃষ্টি বা ছুটির দিনে অতিরিক্ত টাকা আদায় এবং যাত্রী প্রতিনিধিত্ব ছাড়া নীতিনির্ধারণ—এসব কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা সরকারের কাছে এ বিষয়ে কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

যাত্রী কল্যাণ সমিতি হুঁশিয়ারি দিয়ে জানায়, যৌক্তিকতার বাইরে ভাড়া বাড়ানো হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ